২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ী প্রার্থীদের তথ্য যাচাইয়ে এনবিআর ও পুলিশকে ইসির অনুরোধ

চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভায় বিজয়ী ১৩ মেয়র ও ২৬৫ জন কাউন্সিলরের হলফনামায় দেওয়া তথ্য খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি কর্পোরেশন ও নয় পৌরসভায় বিজয়ী ১৩ মেয়র ও ২৬৫ জন কাউন্সিলরের হলফনামায় দেওয়া তথ্য খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সহকারী সচিব মো. আবদুল বাতেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। এদিকে মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ জন প্রার্থীর তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছেছে। অভিযুক্তদের অধিকাংশই নির্বাচনে পরাজিত হয়েছেন। আব্দুল বাতেন বলেন, "৪ আগস্ট অনুষ্ঠিত সিটি ও পৌর নির্বাচনের বিজয়ী ২৭৮ জন প্রার্থীর হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্যে সোমবার এনবিআর চেয়ারম্যান ও মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।" সিটি ও পৌর নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে যথাক্রমে সাতটি ও ছয়টি তথ্য সম্বলিত হলফনামা দাখিল করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এর আগে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন বিধিমালা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে জয়ীদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, বিজিত প্রার্থীদের ক্ষেত্রেও তা রয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন জানান, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়ে ১৯ প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ এলে নির্বাচন কমিশন তা তদন্তের নির্দেশ দেয়। তদন্তকারী কর্মকর্তাদের (অতিরিক্ত বিভাগীয় কমিশনার) সব প্রতিবেদন মঙ্গলবার ইসিতে এসেছে। যাদের বিরুদ্ধে তদন্ত হয়েছে, তারা হলেন- রাজশাহীর মেয়র প্রার্থী মো. এনামুল হক, মো. দুরুল হুদা, মো. ফরমান আলী, মো. আব্দুল খালেক, রুহুল কুদ্দুস টুনু ও মো. সিদ্দিকুর রহমান; বরিশালের মেয়র প্রার্থী মো. জহুরুল হক, এনায়েত পীর খান; সিলেটের মেয়র প্রার্থী বশির আহমেদ, সৈয়দ আলী আফসার, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, আবুল কালাম আজাদ, ছালাহ উদ্দিন রিমন, সৈয়দ মুহিবুর রহমান, মাওলানা মো. সিরাজুল ইসলাম; খুলনার মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী মর্তুজা আবেদীন, জয়নাল আবেদীন ও একেএম মো. শহিদুল্লাহর তদন্ত প্রতিবেদনও এসেছে বলে আব্দুল বাতেন জানান। এর মধ্যে মর্তুজা আবেদীন ও শহিদুল্লাহ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এমএইচবি/২০৫৪ ঘ.