২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা মামলার আপিলের রায় ঘোষণা চলছে

জেল হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা অব্যাহত রেখেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা অব্যাহত রেখেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রায় প্রদান অব্যাহত রাখে। বুধবারও তা চলবে। আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, "দ্বিতীয় দিনের রায়ে আদালত মামলার বাদি ডিআইজি আবদুল আওয়ালের বক্তব্য ও ৬৪ জন সাক্ষীর মধ্যে জেলার আমিনুর রহমানের বক্তব্য পর্যালোচনা করেছে।" ২৬ কার্যদিবস শুনানি গ্রহণ শেষ করে ১৮ আগস্ট বেলা ২টা থেকে রায় ঘোষণা শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। পরদিন লালবাগ থানায় তৎকালীন পুলিশের ডিআইজি আবদুল আওয়াল মোসলেমউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ ২৩ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর এ মামলায় মোসলেমউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান ২০০৪ সালের ২০ অক্টোবর আসামি মোসলেমউদ্দিন, দফাদার মারফত আলী ও দফাদার আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে আদালত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মেজর বজলুল হুদাসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পরপরই দণ্ডাদেশপ্রাপ্তরা আপিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৫ ঘ.