ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তির জন্যে সরকারের কাছে আবেদন করবেন না বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দুই আইনজীবীকে জানিয়ে দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের বিশেষ কারাগারে অ্যাডভোকেট আহমেদ আজম খান ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
আইনজীবীরা জানান, ম্যাডাম (খালেদা জিয়া) তার মুক্তির জন্য সরকারের কাছে কোনো আবেদন করবেন না। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার কোনো ভিত্তি নেই এবং তিনি ওইসব মামলাকে জামিন যোগ্য মনে করেন। আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে। একইসঙ্গে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছেন তিনি।
বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন দুই আইনজীবী। এ সময় বড় ছেলে তারেক রহমানের স্বাস্থ্যের ব্যাপারেও খোঁজ-খবর নেন খালেদা জিয়া।
বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, "ম্যাডাম বলেছেন সরকার তাকে ভিত্তিহীন মামলায় অন্তরীণ করেছে। তিনি মুক্তির জন্য কোনো আবেদন জানাবেন না। একইসঙ্গে খালেদা জিয়া তার অসুস্থ ছেলে তারেক রহমানকে বিদেশে না পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাকে যেন দ্রুত বিদেশে পাঠানো হয়।"
আজম খান আরো জানান, তিনি এবং তার দুই ছেলের বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলায় কোনো সারবত্তা নেই বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও সম্পদ রক্ষায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস জানান, দলীয় নেতা-কর্মীদেরকে খালেদা জিয়া ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১৮৩৪ ঘ.
bdnews24