২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিরপেক্ষ হলেও সৎ-যোগ্য মানুষ নির্বাচিত হয়নি: ব্রতী

চার সিটি ও নয় পৌরসভায় গত সোমবারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলেও এতে সৎ ও যোগ্য মানুষ নির্বাচিত হয়নি বলে মন্তব্য করেছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা 'ব্রতী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

্রঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি ও নয় পৌরসভায় গত সোমবারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলেও এতে সৎ ও যোগ্য মানুষ নির্বাচিত হয়নি বলে মন্তব্য করেছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা 'ব্রতী'। বৃহস্পতিবার সকালে ব্রতীর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ এ মন্তব্য করেন। এ পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়ী করে আগামীতে করণীয় নির্ধারণের সুপারিশ করা হয়েছে ব্রতীর প্রতিবেদনে। এতে বলা হয়, "অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরাপদ ও নিরপেক্ষ হয়নি। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হলেও নিরাপদ হয়নি। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ও জরুরি অবস্থায় নির্বাচন নিরাপদ ও নিরপেক্ষ হয়েছে।" নির্বাচনী পরিবেশ ও ব্যবস্থাপনার উন্নতি হলেও দেশে রাজনৈতিক মানব সম্পদের উন্নয়ন হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ব্রতী আরও দাবি করেছে, নির্বাচনে প্রার্থীরা নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত অর্থ ব্যয় করছে এবং তথ্য গোপন করেছে। প্রার্থীদের যোগ্যতা ও সততাও প্রত্যাশা পূরণ করেনি। এছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিয়েও বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেন, ''জরুরি অবস্থায় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হয়েছে বলে আগামীতে এই ব্যবস্থায় নির্বাচন করা হলে তা ঠিক হবে না। জরুরি অবস্থা প্রত্যাহার করেই নির্বাচন হতে হবে। এক্ষেত্রে নীতিগত ও প্রক্রিয়াগত উন্নয়নের মাধ্যমে সঠিক রাজনৈতিক নেতৃত্ব নির্বাচিত করতে হবে।'' এক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এই নির্বাচনে 'রাজনীতি'ই বিজয়ী হয়েছে দাবি করে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দিপু মনি বলেন, ''দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় নির্বাচন দিতে হবে। জনগণ মনে করে কেবল নির্বাচিত সরকারেরই দেশ পরিচালনা করা উচিৎ।'' জনগণের ভোটে নির্বাচিতদের 'অযোগ্য' বলা হলে তা ঔদ্ধত্ব হবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফারুক খান, ড. আসিফ নজরুল, উন্নয়ন কর্মী শাহীদুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জেকে/এমএইচবি/২২৫৯ ঘ.