ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুূরীর করা চাঁদাবাজি মামলা আগামী ৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রোববার আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ সিদ্ধান্ত জানান।
মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য ছিল।
আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, মামলাটি বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। রোববার থেকে এর ওপর শুনানি শুরু হবে। এই অবস্থায় আগামী এক মাস মামলাটি মুলতবি রাখা হোক।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অর্ন্তগত। আইন অনুযায়ী তিন দিনের বেশি মুলতবি করার সুযোগ নেই।
এদিন মামলার আরেক আসামি, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম আদালতে উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ায় তার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন।
গত ১৩ জুলাই এ মামলায় শেখ হাসিনাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। পরে অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিদেশে চিকিৎসার জন্য গত ১১ জুন শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান।
এর আগে গত ৯ জুন তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র, নাইকো, মিগ ২৯ জঙ্গি বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলাসহ ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯১৮ ঘ.
bdnews24