২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার আ. লীগের গণ অনশন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আরো ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ, সারাদেশে রেশন চালু এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে শনিবার সারা দেশে গণ অনশন পালন করবে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আরো ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ, সারাদেশে রেশন চালু এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে শনিবার সারা দেশে গণ অনশন পালন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস শুক্রবার এক বিবৃতিতে কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ১৩ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সভার পর এ কর্মসূচি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণ অনশন কর্মসূচির সময় দুই ঘণ্টা কমানো হয়েছে। আগে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশনের ঘোষণা দেওয়া হলেও শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। অসীম কুমার উকিল জানান, ঢাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনশনে অংশ নেবেন। আর ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচিতে অংশ নেবে। দেশের অন্যান্য স্থানে নেতাকর্মীরা দলীয় কার্যালয়গুলোতে অনশনে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২১৪১ঘ.