২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র প্রার্থীরা ৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবে না

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের কেউই ৫ লাখ টাকার বেশি নির্বাচনী ব্যয় করতে পারবে না। আচরণবিধি মেনে প্রার্থীরা নির্বাচনী ব্যয় করছে কিনা তা পর্যবেক্ষণ করবে একটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের কেউই ৫ লাখ টাকার বেশি নির্বাচনী ব্যয় করতে পারবে না। আচরণবিধি মেনে প্রার্থীরা নির্বাচনী ব্যয় করছে কিনা তা পর্যবেক্ষণ করবে একটি কমিটি। বিধি লঙ্ঘন করলে এই কমিটি থানা বা ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করবে। কারা ও অর্থদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসাবে প্রার্থিতা বাতিলেরও ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) কাছে। এবার স্থানীয় সরকার নির্বাচনে ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত ব্যয় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চার সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৫ লাখের নিচে হওয়ায় প্রার্থীরা সর্বোচ্চ নির্বাচনী ব্যয় করতে পারবে ৫ লাখ টাকা এবং ব্যক্তিগত খরচ করতে পারবে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (পৌর) মো. আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার আগস্ট অনুষ্টিতব্য স্থানীয় নির্বাচনে আইন ও বিধির যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে ভিজিলেন্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নেতৃত্বে ভিজিলেন্স ও অবজারভেশন টিম প্রতি তিনদিন পর পর ইসিকে প্রতিবেদন জমা দেবে। রাজশাহী সিটিতে ভোটার সংখ্যা দুই লাখ ৫৮ হাজার ৭৫৯ জন, খুলনায় তিন লাখ ৯৯ হাজার ৩৯৮ জন, বরিশালে এক লাখ ৭৯ হাজার ২৯৩ জন এবং সিলেট সিটি করপোরেশনে দুই লাখ ৫৬ হাজার ২৩৭ জন। চার সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন। এছাড়া এই চার সিটিতে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৭৫২ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৯৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে। সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী, অনধিক ৫ লাখ ভোটার অধ্যুষিত সিটি করপোরেশনে একজন মেয়র প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ৫ থেকে ১০ লাখ ভোটারের এলাকায় ব্যয়সীমা ৭ লাখ টাকা, ১০ থেকে ২০ লাখ ভোটারের জন্য ১০ লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটারের এলাকায় সর্বোচ্চ ১৫ লাখ টাকা টাকা ব্যয় করতে পারবেন এক জন মেয়র প্রার্থী। এছাড়া মেয়র প্রার্থীর ব্যক্তিগত খরচ অনধিক পাঁচ লাখ ভোটারের বিপরীতে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমার বিষয়ে বলা হয়েছে, অনধিক ১৫ হাজার ভোটার অধ্যুষিত ওয়ার্ডের এক জন প্রার্থী সর্বোচ্চ ১ লাখ টাকা, ১৫ থেকে ৩০ হাজার ভোটারের এলাকায় ১ লাখ ৫০ হাজার টাকা, ৩০ থেকে ৫০ হাজার ভোটারের এলাকায় ২ লাখ টাকা এবং এর বেশি ভোটারের এলাকায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। তাদের ব্যক্তিগত খরচও নির্ধারণ করে দেয়া হয়েছে। বিধি অনুযায়ী প্রার্থীর এজেন্টের মাধ্যমে সব অর্থ খরচ করতে হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব কমিশনে দাখিল করতে হবে। এক্ষেত্রে কোনও অনিয়ম ধরা পড়লে প্রার্থিতা বাতিল করার বিধান রয়েছে। বিধিতে বলা হয়, প্রার্থীরা একাধিক রঙের কিংবা নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ছাপাতে, এ কাজে আমদানি করা কাগজ ব্যবহার, ৪০০ বর্গফুটের চেয়ে বড় আকারের প্যান্ডেল তৈরি, গেট বা তোরণ নির্মাণ, জনসভা ছাড়া একসঙ্গে তিনটির বেশি মাইক একসঙ্গে ব্যবহার, ভোটারদের আপ্যায়ন কিংবা গাড়িভাড়া, মিছিলে কোনও গাড়ি বা তরী ব্যবহার ও আলোকসজ্জা করতে পারবেন না। প্রার্থীর নির্বাচনী ব্যয়ের উৎসের বিবরণী জানানোও বাধ্যতামূলক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/