২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের বেলায় সরকারের দ্বিমুখী নীতি কেন- প্রশ্ন দেলোয়ারের

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাময়িক মুক্তি পেলেও খালেদা জিয়ার মুক্তি না হওয়া এবং তারেক-কোকোকে চিকিৎসার জন্য এখনও বিদেশ না পাঠানোয় তিনি প্রশ্ন ছুড়ে বলেছেন, আমাদের বেলায় সরকারের এই দ্বিমুখী নীতি কেন? খালেদা জিয়ার মুক্তি দাবিতে মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্যে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তিনি বলেন, "বর্তমান সরকার মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার হরণ করেছে। এ সরকারের সব কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ।" আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে খোন্দকার দেলোয়ার বলেন, "একটি রাজনৈতিক দলের নেতাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। অথচ আমাদের বেলায় সরকারের এই দ্বিমুখী নীতি কেন?" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল চিকিৎসার জন্য সাময়িক মুক্তি নিয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছেন। খালেদা জিয়ার দুই ছেলে কারাবন্দি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তিও দাবি করছে তারা। খোন্দকার দেলোয়ার বলেন, "দেশের মানুষ এখন দুর্বিষহ জীবন কাটাচ্ছে। মানুষের দুঃখ-দুদর্শা লাঘব করতে হবে। এ জন্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। তাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।" মৌলিক অধিকার রক্ষায় আইনজীবীদের অতীতের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, "আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলনে বহু স্বৈরাচারের পতন হয়েছে। আশা করি, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামেও তারা সফল হবেন।" দুপুর আড়াইটা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত চলা ওই প্রতীক অনশনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ফজলুর রহমান খান, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, রিজভী আহমেদ, আবুল খায়ের, লুৎফে আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৩৬ ঘ.