ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি খাত ও অবকাঠামোর উন্নয়নে কানাডার বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার কানাডার টরেন্টোতে দেশটির ওন্টারিও অঙ্গরাজ্যের জ্বালানি বিষয়ক উপপ্রধামন্ত্রী জর্জ স্মিথম্যানের সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি ড. হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানিয়েছেন।
হাসান মাহমুদ জানান, স্মিথম্যানের সঙ্গে বৈঠকে হাসিনা তার শাসনামলে জ্বালানি খাতে কানাডার বিনিয়োগে বিষয়টি তুলে ধরে এ খাতে দেশটি বিনিয়োগ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন । তিনি স্মিথম্যানকে বলেন, বাংলাদেশের বর্তমান সমস্যার মধ্যে জ্বালানি একটি বড় সমস্যা।
মাহমুদ জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে ২০২০ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্নও ব্যক্ত করেন হাসিনা।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক,সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি, ২১ আগস্টের বোমা হামলার ঘটনা প্রভৃতি বিষয়ে আলোচনা হয় জানান হাসান মাহমুদ।
২১ আগস্টে বোমা হামলার বিবরণ তুলে ধরে স্মিথম্যানকে হাসিনা বলেন, ওই ঘটনায় তার বাম কান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ দিন বিকালে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অ্যাপার্টমেন্টে শেখ হাসিনা কানাডীয় পার্লামেন্টে বাংলাদেশ ককাসের প্রধান ও সাবেক অভিবাসক মন্ত্রী মারিয়া মান্নার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আলোচনা উদ্ধৃত করে হাসান জানান, মারিয়া মান্না বলেছেন, 'উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে দীর্ঘ সময় জরুরি অবস্থা কাম্য নয়। সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অধিকতর মনোযোগী হওয়া।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24