ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে যশোরে গ্রেপ্তার করা হয়েছে শার্শা থানা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ওরফে মিন্টু মেম্বারকে। উদ্ধার করা হয় তার হেফাজতে থাকা একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি।
আমাদের নাটোর প্রতিনিধি জানান, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বাচ্চুকে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আলী জানান, গোয়েন্দা পুলিশ সোমবার সকাল ১১টায় নাটোর শহরের আলাইপুরে শহিদুল ইসলাম বাচ্চুর চারতলা বাসভবন ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির পেছনের একটি গোপন পথ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধরে ফেলে।
তিনি জানান, আটকের পর বাচ্চুকে নাটোর সদর থানায় নিয়ে আসা হয়। তাকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের করা চাঁদাবাজির একটি মামলায় (সদর থানার মামলা নম্বর-৬১ তাং-১৬/০৬/০৮) গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, পুলিশের পদস্থ কর্মকর্তারা তাৎক্ষণিক বাচ্চুকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসায় নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন ডাক্তার জানান, শহিদুল ইসলাম বাচ্চুকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে।
ওসি আহমেদ আলী জানান, মামলার অভিযোগে বলা হয়েছে- বাচ্চু সাবেক উপমন্ত্রী দুলুর ঘনিষ্ট জন ছিলেন। এই সুবাদে ২০০৩ সালের ৪ ফেব্র"য়ারি থেকে ২০০৫ সালের ১৩ এপ্রিল পর্যন্ত তিনি চাঁদার জন্য নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। প্রকৌশলী বাধ্য হয়ে ২০০৫ সালের ৪ এপ্রিল বাচ্চুকে ১০ হাজার টাকা চাঁদা দিয়েছিলেন শ্রমিক দলের নেতা আব্দুল মান্নানের মাধ্যমে।
পরে ১৩ এপ্রিল বাচ্চু নিজে প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। স্বেচ্ছায় না দেওয়ায় বাচ্চু অস্ত্রের ভয় দেখিয়ে তার টেবিলের ড্রয়ার থেকে নিজ হাতে ২০ হাজার টাকা বের করে নেন। এরপর থেকে শহিদুল ইসলাম বাচ্চু তাকে মামলা না করার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে তথ্য প্রমাণ সংগ্রহ করে মামলা করতে কিছু বিলম্ব হয়েছে বলে প্রকৌশলী মামলার আরজীতে উল্লেখ করেছেন।
নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিক সাঈদ জানান, শহিদুল ইসলাম বাচ্চু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে পলাতক ছিলেন। তিনি বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন বলেও জানা গেছে। তার বিরুদ্ধে স্থানীয় আওয়ামী নেতাদের দায়ের করা কয়েকটি মামলা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় সম্প্রতি তিনি প্রকাশ্য চলাফেরা শুরু করেন।
তিনি বলেন, বাচ্চুর নিয়ন্ত্রণে বেশ কিছু অবৈধ অস্ত্র রয়েছে বলেও পুলিশের কাছে খবর রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সেসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে।
বেনাপোল প্রতিনিধি জানান, রোববার গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে শার্শা থানা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ওরফে মিন্টু মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে শার্শা থানা পুলিশ রাত ১২টার দিকে শ্যামলাগাছি গ্রামে মিন্টু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে মোস্তফা কামালকে আটক এবং দুই রাউন্ড গুলিসহ একটি শাটার গান উদ্ধার করে।
ওসি জানান, মোস্তফা কামাল মিন্টু শ্যামলগাছি গ্রামের আব্দুল মাজেদের ছেলে। তিনি শার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24