২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-নিজামীর মুক্তি দাবিতে চারদলের কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, তারেক রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও সবার আগে সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েছে চারদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, তারেক রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও সবার আগে সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচি দিয়েছে চারদল। আগামী ১৭ ও ১৯ জুন চারদলীয় জোট এ দাবিতে সভা-সমাবেশ করবে। ২০০৭ এর ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর এই প্রথম চারদল একসঙ্গে কর্মসূচি দিল। খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বৃস্পতিবার বিকেলে চারদলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হয়। পরে খোন্দকার দেলোয়ার হোসেন তা সাংবাদিকদের সামনে ঘোষণা করেন। তিনি জানান, জোটগতভবে আগামী ১৭ জুন 'মুক্তি দাবি দিবস' ও ১৯ জুন 'দাবি দিবস' পালন করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সরকার কোনো বাধা দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা নেত্রীকে মুক্ত করেই ছাড়ব। এজন্য পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়া হবে। নেত্রী মুক্তি পেলেই আমরা সংলাপে যাব।" আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তিনি বলেন, "আমরা আশা করব তারা (আওয়ামী লীগ) '৮৬ সালের পুনরাবৃত্তি করবে না। জনগণের সঙ্গে তারা থাকবে। কোনো চোরাগোপ্তা পথে নয়, সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। কোনো পাতানো সংলাপে আমরা যাব না।" সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "একজনকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেবেন, অথচ অন্যদের বেলায় তা হবে না- এটা গ্রহণযোগ্য নয়। তারেক রহমান ও কোকোকে অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিন।" চারদল ৩০ জুনের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন দাবি করেছে জানিয়ে তিনি বলেন, "নতুন বাজেটকে চারদল 'গরিব মারার বাজেট' অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। এছাড়া, সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত, শিক্ষাক্ষেত্রে এনজিওকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত বাতিল ও গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়েছে বৈঠকে।" দেলোয়ারের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সভাপতিমণ্ডলীর সদস্য মুফতি মো. ওয়াক্কাস, বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন ও খেলাফত মজলিশের আমির মাওলানা মো. ইছহাক ও মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আবদুল কাদের উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/১৯৪০ ঘ.