২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইনি সমন্বয়ের মাধ্যমে' খালেদার ব্যাপারেও ব্যবস্থা নেবে সরকার

আইনি প্রক্রিয়া সমন্বয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রেও দেশে বা বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সরকার। বুধবার দুপুরে শেখ হাসিনা মুক্ত হওয়ার পর এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনি প্রক্রিয়া সমন্বয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষেত্রেও দেশে বা বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সরকার। বুধবার দুপুরে শেখ হাসিনা মুক্ত হওয়ার পর এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার স্বাস্থ্যগত সমস্যা এবং শারীরিক সুস্থতার ব্যাপারে সরকার সদা সচেতন। সরকার ইতোমধ্যে তাদের জন্য দেশের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করেছে।" "শেখ হাসিনার পরিবার গত মার্চ মাসে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ চেয়ে আবেদন করে। সরকার গত ৫ জুন তার চিকিৎসার অগ্রগতি ও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য মেডিকেল বোর্ড গঠন করে।" "বোর্ডের সুপারিশ অনুযায়ী এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য তার অভিপ্রায় অনুযায়ী বিদেশ যাওয়ার সাময়িক সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।" "একইভাবে আইনি প্রক্রিয়া সমন্বয়ের মাধ্যমে খালেদা জিয়ার ক্ষেত্রেও দেশে বা বিদেশে তার সুচিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।" সরকারের নির্বাহী আদেশে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। ওই আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে ১১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সরকার যে কোনো সময় এ আদেশ বাতিল করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএইচবি/২০১৮ ঘ.