চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের সাবেক সাংসদ (সাতকানিয়া-লোহাগাড়া) ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ২৫ জুন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় শাহজাহান চৌধুরীর ১৩ বছর সাজা হয়েছে।
রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসান শুনানি শেষে অভিযোগপত্র আমলে নেন এবং অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবীরা শাহজাহান চৌধুরীর জামিনের আবেদন জানালেও এর ওপর শুনানি হয়নি।
অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানির সময় শাহজাহান চৌধুরীসহ কারাবন্দি ও জামিনপ্রাপ্ত ১৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এই মামলার বাকী ছয় আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতকানিয়া উপজেলার মির্জারখিল গ্রামের জামাল উদ্দিন গত বছর ১৪ মে শাহজাহান চৌধুরীসহ জামায়াতের ৪২ নেতা কর্মীর বিরুদ্ধে থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালের ২৭ আগস্ট শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা জামালউদ্দিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।
গত ১২ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নেয়ামতুল করিম আদালতে শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির ডা. নুরুল হকসহ জামায়াতের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা ও একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24