ঢাকা, জুন, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আদালত অবমাননা অধ্যাদেশের কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামসুল হক ও তাজুল ইসলামের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সরকারের আইন সচিব ও রাষ্ট্রপতির সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে।
সরকার গত ২৫ মে আদালত অবমাননাসংক্রান্ত ৮০ বছরেরও বেশি পুরনো আইন বাতিল করে আদালত অবমাননা অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করে।
এই অধ্যাদেশের ২(খ), ৩ (১)(খ), (গ), (ঘ), (চ), (ছ), (জ), ৩(৩), ৩(৪), ৩(৫), ৫(২), ৭(১), ৭(২), ১০ (১), ১০ (৩), ১০ (৫), ১১, ১৪, ১৯, ২২ ও ২৩ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছে।
রিটকারীর পক্ষে শুনানিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, এসব ধারা সংবিধানের ৭(২), ২৬(২), ২৭, ৯৪ (৪), ৯৬ (৪), ১০১, ১০৮, ১০৯ ও ১১২ অনুচ্ছেদ পরিপন্থী।
অধ্যাদেশে ১৯২৬ সালের আইন রদ করে নতুন আইনটিকে যুগোপযোগী করা হয়েছে। আদালতের সংজ্ঞা নির্ধারণ করে ধারাগুলোতে বলা হয়েছে, আদালতের স্বাভাবিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননা হবে না। বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত নয় এমন বিষয়ে কোন বিচারকের ব্যক্তিগত আচরণ সম্পর্কে তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ করলে তাও অবমাননার মধ্যে পড়বে না।
আদালতের কোন রায় বা আদেশের কোন আপিল অনিষ্পন্ন থাকলেও সে রায় বা আদেশের গঠনমূলক সমালোচনা, এমনকি চূড়ান্তভাবে নিষ্পক্তি করা কোন মামলার রায়ের গঠনমূলক সমালোচনা করে সংবাদ মাধ্যমে লেখা হলেও আদালত অবমাননা হবে না।
ধারাতে আরও বলা হয়েছে, আইনের পরিপন্থী কোন নির্দেশ না মানার কারণে প্রজাতন্ত্রের কোন কর্মচারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কোন মামলা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৮১৫ঘ.
bdnews24