২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমার বন্দিজীবনের সঙ্গী শুধু দালানকোঠা'

"আমি ৯ মাস বন্দিজীবন কাটাচ্ছি। দালানকোঠা ছাড়া কারো সঙ্গেই কথা বলতে পারি না। দেশের জন্য কাজ করেছিলাম বলেই আমাকে আসামি হতে হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমি ৯ মাস বন্দিজীবন কাটাচ্ছি। দালানকোঠা ছাড়া কারো সঙ্গেই কথা বলতে পারি না। দেশের জন্য কাজ করেছিলাম বলেই আমাকে আসামি হতে হয়েছে।" সংসদ ভবনের বিশেষ আদালত- ৩ এর কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সময়কার স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে বুধবার এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন। গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানি গ্রহণ শেষে বিচারক শাহেদ নূরউদ্দিন আদালত ছেড়ে যাওয়ার পর তাদের মধ্যে এ কথোপকথন হয়। সাংবাদিকরা তখন সেখানে ছিলেন। ড. মোশাররফ সাবেক প্রধানমন্ত্রীকে বলেন, "ম্যাডাম মন খারাপ করবেন না। আমরাও আছি আপনার সঙ্গে।" সাবেক জোট সরকারের ক্রয় কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন আরো বলেন, "রুলস অব বিজনেস অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য সচিব হিসেবে যা সুপারিশ করেন, সেটিই আমরা অনুমোদন করেছি।" প্রসঙ্গত, ওই সময়ে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন বর্তমানে কর্ম কমিশনের চেয়ারম্যান ড. সা'দাত হুসেন। খালেদা জিয়া এরপর ড. মোশাররফ হোসেনের পাশে দাঁড়ানো জামায়াতের আমির মতিউর রহমানের নিজামীর কুশল জানতে চান। মহিলা পুলিশের কর্মকর্তারা এ সময় খালেদা জিয়াকে 'ম্যাডাম' সম্বোধন করে কাঠগড়া নেমে আসার তাগিদ দিলে তিনি বলেন, "যাব, এত তাড়াতাড়ির কী আছে।" বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে এরপর তিনি সবার উদ্দেশে বলেন, "আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আপনারা ভাল থাকুন।" এ সময়ে কাঠগড়ায় এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও আবদুল মান্নান ভূঁইয়াসহ অন্য আসামিরাও দাঁড়িয়ে ছিলেন। পরে মহিলা পুলিশরা খালেদাকে আদালতের অন্য একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএনডি/এমএইচবি/১৮২৮ ঘ.