ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার মুক্তির দাবিতে বিশেষ কারাগারের চারদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে হবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
এর আগে এ মাসের প্রথম সপ্তাহে এই কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেওয়া হয়েছিল।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "মানববন্ধন হবেই। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়ে এই কর্মসূচি পালন করব। এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুকে এই কর্মসূচি হবে।"
গত ২৬ মে আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দিতে গিয়ে কামরুল ইসলাম বলেছিলেন, জুন মাসের প্রথম সপ্তাহেই বিশেষ কারাগারের চারদিকে মানববন্ধন করা হবে।
মানববন্ধন কর্মসূচিকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগ নেতারা মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২৩০৫ ঘ.
bdnews24