ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য মালামাল কেনার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের সময় এবার অমোচনীয় কালির কলম ব্যবহারের চিন্তাভাবনা চলছে।
কমিশন বলছে, অমোচনীয় কালি তৈরির দীর্ঘ প্রক্রিয়া এড়ানো, অপচয় রোধ ও সার্বিক বিড়ম্বনা এড়াতেই প্রথমবারের মতো ভোটারের আঙুলে কালি লাগানোর জন্য বিশেষ কলম কেনার কথা ভাবা হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, গত বছরের ২২ জানুয়ারির নির্ধারিত নির্বাচনে (পরে বাতিল ঘোষিত) ব্যবহারের জন্য কেনা অনেক মালামাল অকেজো হয়ে গেছে। এর মধ্যে তিন কোটি টাকায় কেনা অমোচনীয় কালির ৫৫ শতাংশ আর ব্যবহার উপযোগী নেই।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালির উপাদান কেনা ও তৈরিতে ঝামেলা অনেক। এছাড়া, দ্রুত এই কালি অকার্যকর হয়ে যায়। সার্বিক বিচেনায় তাই অমোচনীয় কালি কলম কেনার কথা ভাবা হচ্ছে।"
আগামী সিটি করপোরেশন নির্বাচনে ওই কলম ব্যবহার সম্ভব না হলেও জাতীয় নির্বাচনে তা ব্যবহার করা হবে বলে জানান তিনি।
অমোচনীয় কালি তৈরির উপাদান জেনসিয়ান ভায়োলেট, সিলভার নাইট্রেট জার্মানি থেকে আমদানি করে নির্বাচন কমিশন। এছাড়া, ইথানল ও মিথানল কেনা হয় কেরু অ্যান্ড কোম্পানি থেকে। এসব উপাদান দিয়ে পরে কালি তৈরি করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার পরিষদ (বিসিএসআইআর)।
নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য অমোচনীয় কালি ও নির্বাচনী মালামাল কেনার বিষয়ে গত ২২ মে একটি সভা করেন কমিশন সচিব। সেখানে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা অমোচনীয় কালির কলম কেনার পক্ষে মত দেন।
সভায় ইসি সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম জানান, বাতিল হওয়া ২২ জানুয়ারি নির্বাচনের জন্য কেনা অমোচনীয় কালির ৫৫ শতাংশ অকেজো হয়ে পড়েছে। এ বছর ডিসেম্বর পর্যন্ত প্রায় পুরো কালি ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। অমোচনীয় কালির সরাসরি ব্যবহার ঝামেলাপূর্ণ বলেও মত দেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, যে ধরনের কলম কেনার চিন্তা চলছে তার প্রতিটি দিয়ে প্রায় একশ ভোটারের আঙুলে চিহ্ন দেওয়া সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ৮০ শতাংশ ভোটারের উপস্থিতিও ধরা হলে মোট ৬ লাখ ৮০ হাজার কলম প্রয়োজন হতে পারে। প্রতিটি কলমের দাম এক ডলার বা ৭০ টাকা হলে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে বলে তারা জানান।
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অমোচনীয় কালির সরঞ্জাম কেনা ও কালির কলম কেনার ব্যয় প্রায় একই। এজন্য টেকসই ব্যবহারের জন্য কলম কেনা হতে পারে। শিগগির কলমের নমুনা সংগ্রহ করা হবে। এরপর দাম ও কার্যকারিতা দেখে আমরা উপযুক্ত কলম নেব।"
এদিকে, অমোচনীয় কালি ছাড়াও ২২ জানুয়ারি নির্বাচনের (বাতিল) জন্য কেনা আরো কিছু মালামাল অকার্যকর হয়ে গেছে। কিছু ব্যবহার হয়েছে অন্য কাজে। এসব মালামাল নতুন করে কিনতে বাজেট উপস্থাপন করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
কমিশন কর্মকর্তারা জানান, বাতিল নির্বাচনের জন্য কেনা দুই লাখ ৭৭ হাজার স্ট্যাম্প প্যাড বর্তমানে চলমান ছবিসহ ভোটার তালিকা প্রণয়ণ কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া, অফিসিয়াল সিলের ১৬ শতাংশ, মার্কিং সিলের ১১ শতাংশ, ব্রাস সিলের তিন শতাংশ, প্লাস্টিক পিরিচের তিন শতাংশ ও লালগালার তিন শতাংশ অকেজো হয়ে গেছে।
আসন্ন জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় সব মালামাল নতুন করে কিনতে হলে (প্যাড, সিল, কালির কলম, গালা, পলিথিন, শিশি, দু'ধরনের কাঠের বাক্স) প্রায় ছয় কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে বলে জানান কর্মকর্তারা।
অনেক নির্বাচনী মালামাল অকেজো ও নষ্ট হয়ে যাওয়ার কথা স্বীকার করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "যথাসময়ে সেগুলো সংগ্রহের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৯২২ ঘ.
bdnews24