২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ছাড়া সংলাপ-নির্বাচন মানবে না তৃণমূল আ. লীগ নেতারা

সরকারের সঙ্গে কোনো রকমের সংলাপে না গিয়ে দলীয় সভানেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি চেয়েছেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা। সোমবার দিনব্যাপী বর্ধিত সভায় জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন কর্মসূচি দেওয়ার পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে কোনো রকমের সংলাপে না গিয়ে দলীয় সভানেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি চেয়েছেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা। সোমবার দিনব্যাপী বর্ধিত সভায় জেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন কর্মসূচি দেওয়ার পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। রাতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৃণমূল নেতাদের মতামত পর্যালোচনা করে মঙ্গলবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংলাপ যাওয়া না যাওয়াসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে সকাল সোয়া দশটায় এ সভা শুরু হয়ে রাত সাড়ে দশটায় শেষ হয়। সন্ধ্যায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান দলের নীতি নির্ধারকদের উদ্দেশে বলেন, "যে যত বড় নেতা হন না কেন, আল্লাহর ওয়াস্তে আপনারা হুঁশিয়ার হয়ে যান। দিনে এক জায়গায় এক কথা, আর রাতে আরেক জায়গায় গিয়ে আরেক কথা বলবেন- এমন হলে আপনারা ময়মনাসিংহের সীমানায় পা দিতে পারবেন না।" বরিশাল মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক শওকত হোসেন হিরণ বলেন, "শেখ হাসিনা ছাড়া আপনারা যদি সংলাপ ও নির্বাচনে যান, তাহলে আমরা সবগুলো জেলা মিলে কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করব।" এ সময় অন্যান্য জেলা থেকে আসা নেতারা করতালি দিয়ে হিরণের বক্তব্যকে সমর্থন করেন। দুপুরে নওগাঁর সাধারণ সম্পাদক আব্দুল মালেক কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, "শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলনের কর্মসূচি দিন। এখানে আপসের কোনো সুযোগ নেই।" নাটোরের সভাপতি সাজিউর রহমান খান দলের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "দয়া করে নির্বাচনে বা সংলাপে যাওয়ার পদক্ষেপ নিতে যাবেন না।" ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ দলের নীতি নির্ধারকদের উদ্দেশে বলেন, "নেত্রী আমেরিকায় থাকতে যারা সংস্কারের কথা বলেছিলেন, আমি তাদের উদ্দেশে বলতে চাই, শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পেছনে আপনাদেরও ভূমিকা ছিল।" ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "নেত্রীকে নিয়েই সংলাপ ও নির্বাচনে যাব- এ কথা আর শুনতে চাই না। আমরা শুনতে চাই- নেত্রীকে ছাড়া সংলাপ ও নির্বাচনে যাব না।" রাত সাড়ে দশটায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সভার সমাপ্তি ঘোষণা করে বলেন, "তৃণমূল নেতাদের মতামত নেওয়ার জন্যই এই বর্ধিত সভা। আগামীকাল (মঙ্গলবার) কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। সেখানে তৃণমূল নেতাদের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো হবে।" এর আগে অষ্টম জাতীয় সংসদের সাংসদদের মধ্য থেকে শাহজাহান খান বক্তব্য রাখেন। সকাল সোয়া ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের বর্ধিত সভা। উদ্বোধনী ভাষণে জিল্লুর রহমান বলেন, "আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় অনির্দিষ্টকাল ধৈর্য ধরা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সরকারই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে।" বর্ধিত সভায় আসা সবাইকে একটি করে ফোল্ডার সরবরাহ করা হয়। সেখানে দীর্ঘ শোক প্রস্তাব এবং জিল্লুর রহমানে লিখিত বক্তব্য ছিল। সভায় জিল্লুর রহমান তার বক্তব্যের উল্লেখযোগ্য অংশ পড়ে শোনান। তিনি বলেন, "আমরা সংলাপের সাফল্য চাই। একটি অবাধ গ্রহণযোগ্য সংসদ নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। আমরা এখনো আশা করছি, সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। অবিলম্বে শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে ৬ দফা দাবি বাস্তবায়নে এগিয়ে আসবে। কিন্তু তারা তা না করলে বাংলার মানুষ আর দর্শকের ভূমিকা পালন করবে না। এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি, দেশবাসীকে নিয়ে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে মাথা নোয়াতে বাধ্য করব।" ভারপ্রাপ্ত সভাপতি সভায় মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সক্রিয় করে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সম্পাদকের প্রতিবেদনে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, শেখ হাসিনা আওয়ামী লীগের ৫০টি জেলা কমিটি অনুমোদন দিয়ে গেছেন। একটি কমিটির অনুমোদন তিনি সময়ের অভাবে দিয়ে যেতে পারেননি। দশটি জেলায় সম্মেলন হয়েছে, কিন্তু কমিটি হয়নি। আর, ১১টি জেলায় এখনো সম্মেলনই হয়নি। যেসব জেলায় এখনো সম্মেলন হয়নি বা যেসব জেলায় এখনো কমিটি হয়নি, সেসব জেলার সম্মেলন বা কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করার জন্য আহ্বান জানান তিনি। উদ্বোধনী অধিবেশনের পর আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোর প্রতিনিধিরা বক্তব্য দিতে শুরু করেন। প্রথা অনুযায়ী সভাপতি বা সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে একজন বক্তব্য দেন। সভাপতি বা সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি বক্তব্য দেন। আর যেসব জেলায় কমিটি নেই সেখানকার জেলা আহবায়করা বক্তব্য রাখেন। বৈঠক চলাকালে সভাস্থলের বাইরে কর্মী-সমর্থকরা শেখ হাসিনার মুক্তির দাবিতে স্লোগান দেন। মিলনায়তনের ভেতরে শেখ হাসিনার মুক্তির দাবিতে ব্যানার টাঙানো ছিল। সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবিতে পোস্টার ও লিফলেটও বিতরণ করা হয়। আওয়ামী লীগের ৭২টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ৯টি সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য, জাতীয় পরিষদের সদস্য, অষ্টম জাতীয় সংসদের সাংসদ এবং কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা এ বর্ধিত সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/জেকে/এমএইচবি/০০০৩ ঘ.