ঢাকা, মে, ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ মে দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এ দিন ধার্য করেন।
নাইকো দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিতেও ওই তারিখেই অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৭ মে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এতে মোট ৯ জনকে আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন।
হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24