ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের জাতীয় সনদ তৈরির কোনও এখতিয়ার নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের বিষয়টিও নাকচ করেছেন তিনি। তবে নির্বাচনের পর একটি ঐকমত্যের সরকার গঠন করা যেতে পারে বলে মত প্রকাশ করেন সাবেক এ রাষ্ট্রপতি। সরকারের সঙ্গে সংলাপে জাতীয় পার্টি যাবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সভা শুরুর আগে এরশাদ সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার নির্বাচিত সরকার না হওয়ায় তাদের জাতীয় সনদ তৈরির অধিকার নেই।"
"তবে এ সনদ আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তৈরি করতে পারি। সনদে হরতাল থাকবে কিনা এবং রাজনৈতিক সংস্কারের বিভিন্ন বিষয় আসতে পারে", একইসঙ্গে বলেন তিনি।
এরশাদ আরও বলেন, "সনদ তৈরির বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ রয়েছে। অতীতের কাজকর্ম দেখে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে উপলব্ধি এসেছে, এভাবে দেশ চলতে পারে না। গত ৩৬ বছরে এই সনদ তৈরি করতে না পারার দায় আমাদের।"
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত ১২ মে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, "সরকার, রাজনৈতিক দল, সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হওয়া একান্ত প্রয়োজন। এই জাতীয় সনদের মাধ্যমেই স্থাপিত হবে একটি সুষ্ঠু ও নির্বাচনী অবকাঠামো।"
জাতীয় সরকার গঠনের যে আলোচনা রাজনৈতিক মহলে চলছে- সে বিষয়ে এরশাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "নির্বাচনের আগে জাতীয় সরকার হওয়া সম্ভব নয়। তবে নির্বাচনের পরে ঐক্যমতের সরকার হতে পারে।"
বাংলাদেশে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা আর নেবে না এবং আর কখনও সামরিক শাসন জারি হবে না- এমন দাবি করে সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসব বলে সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হবে কিনা; উপজেলা নির্বাচন আগে হবে, না সংসদ নির্বাচন আগে হবে; নির্বাচন কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত হবে কিনা- এ সব বিষয় জানতে আমরা সংলাপে যাব।"
বর্তমান সরকারের সফলতা ও ব্যর্থতার দিক তুলে ধরে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, "বিভাগ বিভাগের স্বাধীনতা দেওয়া ও ভোটার তালিকা প্রণয়ন এবং সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের ক্ষেত্রে এই সরকারের সফলতা রয়েছে। তবে বিদ্যুৎ, গ্যাস, পানি ও খাদ্য সঙ্কট মোকাবিলাসহ অর্থনৈতিক ক্ষেত্রে এ সরকার ব্যর্থ।"
অর্থনৈতিক ক্ষেত্রে 'ব্যর্থ' সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- সাংবাদিকরা এ প্রশ্ন করলে এরশাদ বলেন, "আমার মনে হয় সম্ভব।"
মঙ্গলবার এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর বৈঠকে উপস্থিত ছিলেন রওশন এরশাদ, জিএম কাদের, এটিএম ফজলে রাব্বী, নাসীম ওসমান, গোলাম কিবরিয়া টিপু, মশিউর রহমান রাঙা, আবুল হোসেন বাবলা, দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24