২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ছাড়া নির্বাচন হবে না: সভায় নেতাকর্মীদের এক সুর

"যে নির্বাচনে শেখ হাসিনা থাকবেন না, বাংলার মাটিতে সে নির্বাচন হবে না"- দলীয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে এই ছিল শীর্ষ নেতা তোফায়েল আহমেদের বক্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --"যে নির্বাচনে শেখ হাসিনা থাকবেন না, বাংলার মাটিতে সে নির্বাচন হবে না"- দলীয় নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে এই ছিল শীর্ষ নেতা তোফায়েল আহমেদের বক্তব্য। তোফায়েল আহমেদ তার বক্তব্য জোরদার করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তন ভর্তি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "আপনারা কী শেখ হাসিনাকে ছাড়া সংলাপ চান ?" সবাই চিৎকার করে বললেন, "না।" তোফায়েলের দ্বিতীয় প্রশ্ন, নেতাকর্মীরা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন চান কিনা তার উত্তরেও প্রত্যাশিতভাবেই আসে হলকাঁপানো "না"। তোফায়েল আহমেদ নেতা-কর্মীদের উদ্দেশে আরো বলেন, "আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু কন্যাকে মুক্ত করে আনবোই।" অসুস্থতার জন্য দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান আলোচনা সভায় উপস্থিত হতে পারেননি। প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নূরের পড়া লিখিত বক্তব্যে জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনাকে কারাগারে রেখে কোনো সংলাপ ও নির্বাচন ফলপ্রসু হবে না। তার অনুপস্থিতিতে বর্তমান সংকট সমাধানের বিষয় কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়।" গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার নামে 'চক্রান্ত চলছে' বলে দাবি করে আমীর হোসেন আমু বলেন, "সংলাপ পরের কথা, অবিলম্বে শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছয় দফা বাস্তবায়িত হলে শেখ হাসিনাকে নিয়ে বৈঠক করেই আমরা সংলাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবো।" আব্দুর রাজ্জাক তার ভাষায় 'জনগণের স্বাথের্' দলীয় প্রধানের মুক্তির দাবি জানিয়ে বলেন, "দেশকে বর্তমান সঙ্কট থেকে মুক্ত করতে হলে শেখ হাসিনার সঙ্গেই পরামর্শ করতে হবে।" সুরঞ্জিত সেনগুপ্ত আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেন, "উপজেলা চেয়ারম্যানের কাছে যে নির্বাহী ক্ষমতা দেওয়া হবে তিনি তা ব্যবহার করবেন পছন্দমতো লোকদের সাংসদ বানাতে।" এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই-এ মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, এজন্যই তারা অসাংবিধানিক কাজ করে যাচ্ছে। শেখ হাসিনাকে 'খামোখাই' হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সেখানে তাকে কোনো চিকিৎসাই দেওয়া হয় না। আশরাফুল ২০ মে'র দেশব্যাপী গণঅনশনের কর্মসূচী সফল করার আহবান জানিয়ে বলেন, "গতকালকের (শনিবার) কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এর ফল পেতে বেশি দেরি হবে না।" সভানেত্রীর মুক্তির জন্য বর্ধিত সভা থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা 'যে কোনো মূল্যে' বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী বলেন ,"প্রধান উপদেষ্টার ভাষণ সংকটকে আরো ঘনীভূত করেছে। তিনি যদি একটা পক্ষ হয়ে যান তা হলে তার নেতৃত্বে সংলাপ অর্থবহ হবে না।" সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুকুল বোস, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান, এম এ আজিজ ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৩৫ঘ.