২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাঁচ উপদেষ্টার বৈঠক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাঁচ উপদেষ্টা। রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 07:56 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাঁচ উপদেষ্টা। রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। বৈঠক শেষে সচিবালয়ে ফিরে গোলাম কাদের সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, "জাতীয় সংলাপের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা নিয়েছি, যা সংলাপ সফল করার ক্ষেত্রে কাজে লাগবে।" সংলাপে রাজনেতিক দল কিংবা সরকারের পক্ষ থেকে কোনও শর্ত দেওয়া হচ্ছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে যোগাযোগ উপদেষ্টা বলেন, "সরকারের পক্ষ থেকে কোনও শর্ত দেওয়া হয়নি, রাজনৈতিক দলগুলোও কোনও শর্ত দেয়নি। শর্তহীনভাবে আলোচনা চলছে, সংলাপও শর্তহীনভাবে হবে।" সংলাপ সুশীল সমাজ ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন কিনা- জানতে চাইলে গোলাম কাদের বলেন, "সংলাপ হবে সরকার ও রাজনৈতিক দলের মধ্যে। এখানে আর কেউ থাকবে না।" সংলাপের প্রস্তুতিমূলক আলোচনায় গত সোমবার আওয়ামী লীগের সঙ্গে প্রথম আলোচনা করেন উপদেষ্টারা। পরে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা হয়। আলোচনার জন্য বিএনপির দুই অংশের সঙ্গেও যোগাযোগ করেছেন উপদেষ্টারা। বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশটি সংলাপে বসার বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও খোন্দকার দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অংশ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসতে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শনিবার এসএমএসের মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। রোববার বিকালে সে বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। প্রাক সংলাপ আলোচনার জন্য আওয়ামী লীগ সাত সদস্যের প্রতিনিধি দল ঠিক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩৫০ ঘ.