২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেওয়াটা সরকারের দ্বৈতনীতি: রাজ্জাক

নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারী মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, মসজিদ অপবিত্রকারী স্বাধীনতা বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে না; অথচ স্বাধীনতার সপক্ষের নেতা-কর্মীদের জরুরি আইনে গ্রেপ্তার করা হচ্ছে। এটা সরকারের দ্বৈতনীতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারী মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, মসজিদ অপবিত্রকারী স্বাধীনতা বিরোধীদের গ্রেপ্তার করা হচ্ছে না; অথচ স্বাধীনতার সপক্ষের নেতা-কর্মীদের জরুরি আইনে গ্রেপ্তার করা হচ্ছে। এটা সরকারের দ্বৈতনীতি। শনিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের দিনব্যাপী অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্যে তিনি এ কথা বলেন। সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবিতে শ্রমিক লীগ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করছে। আবদুর রাজ্জাক বলেন, "একদিকে স্বাধীনতাবিরোধী চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মসজিদ অপবিত্র করছে, থানা লুট করেছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। মামলা দেওয়া হয় না। অন্যদিকে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ নেতা-নেত্রীদের জরুরি আইনে গ্রেপ্তার করা হচ্ছে। এটা সরকারের দ্বৈতনীতি।" নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারী এক দল মৌলবাদী শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। মৌলবাদীদের হামলায় সাংবাদিক ও পুলিশসহ অনেকে আহত হয়। একইদিন চট্টগ্রামের হাটহাজারী থানায় হামলা চালায় মাদ্রাসা ছাত্ররা। আব্দুর রাজ্জাক দাবি করেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং সঙ্কট উত্তরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মাস্টার, সহ-সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতা-কর্মীরা অনশনে অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএম/এমআই/এমএ/১৪২৮ ঘ.