২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: তামিম

চলতি বছরের শেষ নাগাদ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে এক সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক তামিম সঙ্কট কাটাতে ভবিষ্যতে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ওপরও জোর দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের শেষ নাগাদ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম। শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে এক সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক তামিম সঙ্কট কাটাতে ভবিষ্যতে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ওপরও জোর দেন। বাংলাদেশে বর্তমানে দৈনিক সাড়ে ৪ হাজারেরও বেশি মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে গড়ে সাড়ে ৩ হাজার মেগাওয়াট। বিদ্যুত ঘাটতির কথা জানিয়ে অধ্যাপক তামিম বলেন, "বিদ্যুৎ উৎপাদনের জন্য কেবল গ্যাস বা কয়লার দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমাদের গ্যাস নির্ভরতা কমিয়ে জ্বালানি উৎসের ভিন্নতা আনতে হবে। ভবিষ্যতে আমাদের অবশ্যই নিউক্লিয়ারের দিকে যেতে হবে।" দেশে কয়লার মজুদও যথেষ্ট নয় বলে জানান তিনি। অধ্যাপক তামিম বলেন, "আমাদের দেশজ উৎপাদন (জিডিপি) ৭ ভাগ বাড়াতে হলে ২০২৫ সাল নাগাদ আমাদের ২৪ টিসিএফ গ্যাস প্রয়োজন। একই সঙ্গে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে।" উন্নয়নের জন্য আঞ্চলিক বৈষম্য দূর করার ওপর জোর দিয়ে তিনি বলেন, "দেশকে এগিয়ে নিতে হলে সব অঞ্চলে সমান সুযোগ ও ক্ষেত্র তৈরি করে দিতে হবে।" "বাংলাদেশের জ্বালানি খাত ও উত্তরাঞ্চলে উন্নয়ন" শীর্ষক ওই সেমিনার আয়োজন করে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ দিনাজপুর উন্নয়ন ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আলী খান। করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আতাউস সামাদ, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মাহবুবউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/এমআই/১৩২৬ ঘ.