ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐক্যের বিষয়ে বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশটি যোগাযোগ করেছে জানিয়ে অপর অংশের নেতা হান্নান শাহ বলেছেন, "তাদের কথা-বার্তা ও কাজে কোনও মিল নেই।"
সরকারের সঙ্গে সংলাপে বসার বিষয়ে দলের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান তিনি।
শুক্রবার মহাখালী ডিওএইচএস'র বাসায় হান্নান শাহ বলেন, "সাইফুর রহমান বৃহস্পতিবার আমাকে টেলিফোন করেছিলেন। তিনি ঐক্যের বিষয়ে কথা বলেছেন। তবে তাদের কথা-বার্তা আর কাজে কোনও মিল নেই। এ রকম হলে ভবিষ্যতে তাদের সঙ্গে কথা বলব কি না, তা ভেবে দেখতে হবে।"
সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে দলে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, "দলের নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিএনপির এই অংশের নেতা খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর আগে বলেছিলেন, দলীয় প্রধান কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে কথা না বলে তারা সংলাপে যাবেন না।
তবে অপর অংশের নেতা স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন সরকারের সঙ্গে সংলাপে বসার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।
হাফিজউদ্দিন আহমেদকে পাঠানো নির্বাচন কমিশনের চিঠির কার্যকারিতা বাতিল চেয়ে খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদন বৃহস্পতিবার আদালত খারিজ করে দেয়। তবে শুক্রবার হাফিজউদ্দিন সাংবাদিকদের বলেছেন, তারা ঐক্যবদ্ধভাবেই সংলাপে যেতে আগ্রহী।
এ সবের মধ্যেও বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, "জাতীয়তাবাদী শক্তির প্রতীক খালেদা জিয়া।"
বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা বলেন, "বিএনপি ও জিয়া পরিবারকে হেয় করতে সরকার যে পথে এগুচ্ছে তা কোনোভাবে দেশের মানুষ মেনে নেবে না। বিএনপিকে এভাবে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।"
হান্নান শাহ খালেদা জিয়া, তারেক রহমানসহ কারাবন্দি সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24