২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছেলেকে বিদেশে চিকিৎসার আহ্বান খালেদার

কারাবন্দি দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া। একই সঙ্গে শুভেচ্ছা প্রদর্শনের এক বিরল ঘটনায় তার তিক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার রোগমুক্তির জন্য দোয়া করেছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া। একই সঙ্গে শুভেচ্ছা প্রদর্শনের এক বিরল ঘটনায় তার তিক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার রোগমুক্তির জন্য দোয়া করেছেন তিনি। সোমবার বিকেলে সংসদ ভবনের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান সাংবাদিকদের এসব কথা বলেন। দুপুর সাড়ে তিনটা থেকে এক ঘন্টা আহমেদ আযম খান বিভিন্ন মামলা নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন। সেসময়ে বিএনপি চেয়ারপার্সন তার দুই ছেলের অবস্থা, শেখ হাসিনার অসুস্থতা ও দ্রব্যমূল্য পরিস্থিতি সর্ম্পকে জানতে চান বলে আইনজীবী আজম খান সাংবাদিকদের জানান। খালেদা জিয়ার বরাত দিয়ে আযম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ম্যাডাম তার দুই ছেলের অসুস্থতায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য জার্মানী এবং আরাফাত রহমানকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন।'' আযম খান আরো বলেন, যেভাবে এখানে তারেকের চিকিৎসা হচ্ছে, তাতে তার 'জীবন বিপন্ন হতে পারে' বলে খালেদা জিয়া আশঙ্কা প্রকাশ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ ভবন এলাকারই আরেকটি বিশেষ কারাগারে তারই মতো বন্দি শেখ হাসিনার অসুস্থতার খবরেও উদ্বেগ প্রকাশ করেছেন বলে তার আইনজীবী জানান। আজম খান বলেন, "খালেদা জিয়া বলেছেন, 'আমি আল্লাহর দরবারে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি। একই সঙ্গে সরকারকে বলব, উনার স্বামী ও আইনজীবীরা তার উন্নত চিকিৎসার জন্য যে দাবি রেখেছেন, তার প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি।'' তারেক রহমানের স্ত্রী ও শ্বাশুড়িকে তার সঙ্গে যে মামলায় 'জড়ানো হয়েছে' তাকেও ভিত্তিহীন বলে দাবি করেন খালেদা জিয়া। আইনজীবী আজম খান বলেন, দ্রব্যমূল্য পরিস্থিতিকে 'দুর্ভিক্ষাবস্থা' বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেত্রী। খালেদা জিয়াকে উদ্ধৃত করে তিনি বলেন, '' জানি না কীভাবে দেশের মানুষ এ সংকট থেকে মুক্তি পাবে। তবে দোয়া করি, জনগণ এ পরিস্থিতি মোকাবেলা করবে।'' অ্যাডভোকেট আজম খান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল নয়। তার পায়ের ব্যথা এখনো আছে। এর পর আরো দুই জন আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও কায়সার কামাল বিশেষ কারাগারে মামলা সংক্রান্ত বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/২০১১ঘ.