২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির জন্য আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চলছে: আমু

সভানেত্রীর নেত্রীর মুক্তির জন্য আওয়ামী লীগ সরকারকে চিঠি দেওয়ার পাশাপাশি আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভানেত্রীর নেত্রীর মুক্তির জন্য আওয়ামী লীগ সরকারকে চিঠি দেওয়ার পাশাপাশি আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন এ কথা। রোববার কৃষক লীগের দিনব্যাপী প্রতীকী অনশন কর্মসূচির সমাপনী পর্বে তিনি বলেন, "আমরা নেত্রীর মুক্তির জন্য প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি। সরকারের সঙ্গে আলোচনা করছি, কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলছে।" দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান অভিযোগ করেন, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে শেখ হাসিনার মুক্তি নিয়ে টালবাহানা করছে। সকাল ১০টায় কৃষক লীগের প্রতীকী অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। অনশন চলে বিকেল ৫টা পর্যন্ত। সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর বলেন, "নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় থাকতে গেলে মানুষকে ভালোবাসতে হয়। সুচিকিৎসার জন্য শেখ হাসিনাকে বিদেশে না পাঠালে মানুষ তা নীরবে সহ্য করবে না।" মতিয়া চৌধুরী বলেন, "শেখ হাসিনাকে কারাগারে রেখে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালিয়ে যাওয়া হচ্ছে। যত কিছুই করা হোক না কেনো নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন। নতুন নেতৃত্বের কারখানা করে লাভ হবে না।" দলের নেতা-কর্মীদের আরো সংগঠিত হওয়ার আহবান জানিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ অফিসে বসে স্লোগান দিয়ে আর অনশন করে নেত্রীকে মুক্ত করা যাবে না। সামনে অনেক কঠিন সময় আসবে। আমাদের দৃঢ়তার পরিচয় দিতে হবে। শেখ হাসিনাকে মুক্ত করার পাশাপাশি মানুষকে বাঁচানোর আন্দোলন চালিয়ে যেতে হবে।" সকালে কর্মসূচি শুরুর ঘোষণা দিয়ে তোফায়েল আহমেদ বলেন, "আমরা সরকারের প্রতিপক্ষ নই। সরকারকে সহযোগিতা করতে চাই। শেখ হাসিনাকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করুন। তা না হলে ফল শুভ হবে না।" আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মীর্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হাওলাদারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কৃষক লীগের নেতারা অনশন কর্মসূচিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএস/জেকে/এমএইচবি/২২২০ ঘ.