ঢাকা, মার্চ ৩১ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- কমিশন করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
রাজধানীর ইমপেরিয়াল হোটেলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সোমবার তিনি এ দাবি জানান।
তিনি বলেন, "স্বাধীনতার ৩৭ বছর পরও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাও হয়নি।"
বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ও রেশনিং চালুর দাবি জানিয়ে মুহাম্মদ ইবরাহিম বলেন, "জনগণের মুখে দু'মুঠো ভাতের ব্যবস্থা সরকারকেই করতে হবে। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে,তাতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে।"
অনুষ্ঠানে কয়েকটি রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শতাধিক নেতা-কর্মী কল্যাণ পার্টিতে যোগ দেয়।
সভায় কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, যোগদানকারীদের মধ্যে ফরিদ উদ্দিন আল আজাদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/২১৪০ ঘ.
bdnews24