ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ ও সৎ কর্মীদের ডেকে নিয়ে 'বিশেষ দায়িত্ব' দিতে চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের তৎপরতা বন্ধ না হলে পরিণাম ভালো হবে না।
সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, "সরকার নিরপেক্ষ হলে উপজেলা ও জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে বেড়াত না।"
সৈয়দ আশরাফুল বলেন, "এ সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে বলে মনে হয় না। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের ৪০ বছরের নিচের কর্মীদের ডেকে নিয়ে বিশেষ কোনো দায়িত্ব দিলে তা পালন করতে পারবে কি না তা জানতে চাওয়া হচ্ছে।"
তিনি অভিযোগ করেন বলেন, "প্রতিটি জেলায় আওয়ামী লীগসহ প্রতিটি রাজনৈতিক দলের সৎ ও যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে।"
"এ তৎপরতা বন্ধ করুন। তা না হলে পরিণাম ভালো হবে না।" এ হুঁশিয়ারি দিয়ে সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশে আশরাফুল বলেন, "কারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবে তা সরকার ঠিক করতে পারে না। আমাদের দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে তা আমরা ঠিক করব।"
তিনি বলেন, "সরকারের এসব কর্মকাণ্ডেই বোঝা যাচ্ছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার আগ্রহ তাদের নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24