২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলকেই জনগণ আবার ভোট দেবে: খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী নির্বাচনে বিজয়ের আশা প্রকাশ করে বলেছেন, শৃঙ্খল মুক্ত পরিবেশে নির্বাচন হলে জনগণ বিএনপির নেতৃত্বাধীন চারদলকেই আবার বিজয়ী করবে। তিনি দেশবাসীকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী ১২ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী নির্বাচনে বিজয়ের আশা প্রকাশ করে বলেছেন, শৃঙ্খল মুক্ত পরিবেশে নির্বাচন হলে জনগণ বিএনপির নেতৃত্বাধীন চারদলকেই আবার বিজয়ী করবে। তিনি দেশবাসীকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী ১২ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে আসন বণ্টন নিয়ে চারদলের শীর্ষ বৈঠকের আগে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি। একইসঙ্গে স্বাধীনভাবে জনগণ যাতে ভোট দিতে পারে সেজন্য জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন সাবেক প্রধানমন্ত্রী। জোটের নির্বাচনী প্রচারাভিযান শুরুর ঘোষণা দিয়ে খালেদা বলেন, "আমি সিলেটে হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবো ইনশাল্লাহ। ঈদের পরেই নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়ে যাবে। আমি আশা করছি এরই মধ্যে জরুরি অবস্থা তুলে নেয়া হবে যাতে উৎসব মুখর পরিবেশে জনগণ তাদের ভোটা দিতে পারে। দেশের মানুষ সেজন্য উন্মুখ হয়ে বসে আছে।" চারদলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয়ের আত্মবিশ্বাস ব্যক্ত করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে চারদলীয় জোটের প্রার্থীদেকে তারা বিজয়ী করবে।" এর পর খালেদা সভাপতিত্বে চরদলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠকে শরিকদের আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জোটের নেতারা জানিয়েছেন। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়া আগামী শুক্রবার সিলেটে হজরত শাহজালাল (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন এবং ওইদিনই আটটি জনসভায় ভাষণ দেবেন। সোমবার বিএনপি চেয়ারপার্সানের প্রতিরক্ষা ও নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরসূচির কথা জানানো হয়েছে। জনসভাগুলো হলো- সিলেটের দক্ষিণ সুরমা কলেজ মাঠ, ওসমানী নগর দয়ামীর মাঠ, নবীগঞ্জ থানার আউশকান্দি হাই স্কুল মাঠ, বাহুবল উপজেলার মীরপুর আলী সোবহান কলেজ মাঠ, হবিগঞ্জ পৌরসভা মাঠ, বানিয়াচঙয়ের এল আর হাই স্কুল মাঠ, মাধবপুর পাইলট হাইস্কুল মাঠ ও ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠ। এছাড়া কাঁচপুর, রূপগঞ্জ, নরসিংদী, মনোহরদী, ভৈরব, বাহুবল, শেরপুর, সফীপুর প্রভৃতি এলাকা দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহর সিলেট যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার সকাল ৮টায় তিনি সেনানিবাসের শহীদ মউনুল রোডের বাসা থেকে তিনি যাত্রা শুরু করবেন। দুপুরে সিলেট পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (র), হযরত শাহপরান (র) ও হযরত শাহ বোরহানউদ্দীন (র) এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেটের দক্ষিণ সুরমা কলেজ মাঠে প্রথম নির্বাচনী জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/২০৩৫ ঘ.