২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ী হলে দলের কর্মসূচী দেখে সর্মথন দেবেন মান্নান ভূঁইয়া

সংসদ নির্বাচনে বিজয়ী হলে যে দলের কর্মসূচির সঙ্গে মিল হবে, সেই দলকে সমর্থন জানাবেন বিএনপির সাবেক মহাসচিব নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে বিজয়ী হলে যে দলের কর্মসূচির সঙ্গে মিল হবে, সেই দলকে সমর্থন জানাবেন বিএনপির সাবেক মহাসচিব নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে গুলশানের ন্যাম ফ্ল্যাটে এক দল সাংবাদিকের সঙ্গে আলাপকালে মান্নান ভূঁইয়া বলেন,'' আমি এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। বিজয়ী হলে যে দলের কর্মসূচির সঙ্গে মিল হবে, যারা দেশের জন্য ভালো কাজ করবেন, তাদেরই সমর্থন জানাব। সেই দল সরকার কিংবা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন।'' নরসিংদী-৩ আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য ও ১১ বছর বিএনপির মহাসচিব পদে অধিষ্ঠিত মান্নান ভূঁইয়া এ বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক এগারোর পট পরিবর্তনের পর দলের ভেতরে গণতন্ত্র চর্চার জন্য কিছু 'সংস্কার প্রস্তাব' দিলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তাকে দল থেকে বহিস্কার করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ের সম্ভাবনা সর্ম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন,'' এই এলাকার মানুষের সঙ্গে আমি ৪০ বছর ধরে রাজনীতি করে আসছি। সেজন্য আমি আশাবাদী।'' বিএনপির সম্পর্কে তার বিশ্লেষণ জানতে চাইলে সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া বলেন,'' আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। এখনো তার আদর্শ অনুসরণ করি। নতুন কোনো দল গঠন কিংবা অন্য দলে যোগ দিচেছন না-এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন,'' এ মুহূর্তে এমন চিন্তা নেই। আমি নতুন দল গঠন ও অন্য দলে যোগ দেওয়া সমাচীন মনে করছি না।'' এক এগারোর পর রাজনীতিতে বহুল আলোচিত গুণগত পরিবর্তন হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে এক সময়ের বাম রাজনীতিবিদ মান্নান ভূঁইয়া নেতিবাচক জবাব দিয়ে বলেন,''এজন্য রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতৃত্বের মন-মানসিকতার পরিবর্তন আসতে হবে। তবে আমার বিশ্বাস রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে বাধ্য। একটু সময় লাগছে মাত্র। পরিবর্তনের জন্য আমাদের জনমত গড়ে তুলতে হবে।'' গত রোববার মান্নান ভুঁইয়া নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিবপুরে মনোনয়নপত্র জমা দেন। প্রচারণার সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির আহবায়ক আবুল হারিস রিকাবদারসহ অঙ্গসংগঠনগুলোর কিছু নেতা-কর্মীও থাকছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৫৫ঘ.