ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া তিন প্রার্থী শনিবার সকালে সুধা সদনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
এরা হচ্ছেন, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজের স্ত্রী মাহফুজা গোলন্দাজ, নাটোর-১ আসনের আবুল কালাম আজাদ এবং নাটোর-৩ আসনের জুনায়েদ আহমেদ পলক।
হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তারা জানান, দলীয় সভানেত্রী তাদের মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে আশ্বস্ত করেছেন।
হাসিনার বরাত দিয়ে তারা জানান, নেত্রী জানিয়েছেন, তাদের আসনে আবারো জনমত যাচাই করা হবে। যাচাই করে তাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
আসন্ন সংসদ নির্বাচনের জন্য ময়মনসিংহ-১০ আসনে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গিয়াসউদ্দিন, নাটোর-১ আসনে সন্ত্রাসীদের হাতে নিহত মমতাজউদ্দিনের স্ত্রী শেফালী মমতাজ এবং নাটোর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পলক ২২ জানুায়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে নাটোর-৩ আসনে মনোনয়ন পেয়েছিলেন বলে দাবি করেন।
তবে মনোনয়নের বিষয়ে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তারা সে সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এজে/জিএনএ/১৩৫৫ ঘ.
bdnews24