কক্সবাজার, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপীয় কমিশনের (ইসি) খাদ্য ও পশুরোগ (ফুড ও ভেটারিনারি) বিভাগের একটি বিশেষজ্ঞ দল মঙ্গলবার কক্সবাজারে চিংড়ি পোনা উৎপাদন কেন্দ্র ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের চিংড়ি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন জেলা মৎস্য কর্মকর্তা ম. কবির আহমদ।
তিনি জানান, দুই সদস্যের বিশেষজ্ঞ দলে ছিলেন- ইংল্যান্ডের ড. জন মে বয় ও র্জামানি স্টিফেন হনিংগ। তারা শহরতলীর কলাতলীতে মডার্ন হ্যাচারি লিমিটেডের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন। এ সময় তারা বিভিন্ন হ্যাচারির নথিপত্র ও শ্রম আইন পালন সম্পর্কিত তথ্য নিরীক্ষা এবং নিরাপদ ঔষধ ও রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার সম্পর্কে তথ্যানুসন্ধান করেন। পরে তারা কলাতলীর ইনভি শপ ও এ্যাকুয়া শপ পরিদর্শন করেন।
বিশেষজ্ঞ দলটি দুপুরে কক্সবাজার বিসিক শিল্প এলাকায় চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা 'কুলিয়ার চর সী ফুডস লিমিটেড' পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিশেষজ্ঞ দলের সঙ্গে ছিলেন- বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, উপ-পরিচালক আবদুল জলিল, উপ-সচিব মোহাম্মদ ইমরান, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ম. কবির আহমদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওমর ফারুক, শ্রিম্প সিড সার্টিফিকেশন প্রকল্পের সহকারী পরিচালক স্বপন চন্দ্র পাল প্রমুখ।
ইউরোপীয় কমিশনের বিশেষজ্ঞ দলটি ১১ নভেম্বর বাংলাদেশে এসেছেন। তারা খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি হ্যাচারি ও চিংড়ি প্রকল্প পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24