২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত

স্বপ্রণোদিত তথ্য প্রকাশ (ট্রুথ কমিশন) অধ্যাদেশকে সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বপ্রণোদিত তথ্য প্রকাশ (ট্রুথ কমিশন) অধ্যাদেশকে সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এ মতিন রায় স্থগিতে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত ১৩ নভেম্বর বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশকে সংবিধান পরিপন্থি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ ও আনিসুল হক রায় স্থগিতের আবেদনের ওপর শুনানি করেন। রিটকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ ও আদিলুর রহমান খান। আদেশের পর অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আমরা হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানিয়েছিলাম। চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের কপি পেলে আমরা নিয়মিত আপিল দায়ের করব।" তিনি আরও বলেন, "হাইকোর্টের রায়ের পর আমি পরামর্শ দিয়েছিলাম যেহেতু হাইকোর্ট ট্রুথ কমিশন অধ্যাদেশকে অবৈধ ঘোষণা করেছে তাই আপাতত যেন ট্রুথ কমিশন কাজ না করে। কিন্তু হাইকোর্টের রায় এখন আপিল বিভাগ স্থগিত করায় ট্রুথ কমিশনের কার্যক্রম পরিচালনায় কোন বাধা নেই।" আনিসুল হক সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এই সময়ের মধ্যে সরকারকে নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে আমরা নিয়মিত আপিল দায়ের করব। আপিল বিভাগের আদেশের ফলে ট্রুথ কমিশন পুনরায় কাজ শুরু করতে পারবে।" স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, এনজিও উন্নয়ন বিকল্প নিরীক্ষা গবেষণা'র (উবিনিগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি এবং অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলানের গত ২৮ আগস্ট দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছিল। গত ৮ জুন রাষ্ট্রপতি স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ জারি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৫১২ ঘ.