ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন ডোরা র্যাপোল্ড রোববার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সুধা সদনে তাদের বৈঠক চলে।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম এবং শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদও উপস্থিত ছিলেন।
তবে ডোরা র্যাপোল্ড কিংবা আওয়ামী লীগ নেতাদের কেউই বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের কিছু বলেননি।
গত ৬ নভেম্বর দেশে ফেরার পর গত কয়েকদিনে বিভিন্ন দেশের কূটনীতিক আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেন।
৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বিন নাসের আল বুশাইরি, চীনের রাষ্ট্রদূত ঝেং কিংডিয়ান আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেন।
এছাড়া গত সপ্তাহে আটটি মুসলিম দেশের কূটনীতিকরাও হাসিনার সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২০০ ঘ.
bdnews24