২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার রিট শুনানিতে এক এমিকাস কিউরির অপারগতা

আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার করা রিটের চূড়ান্ত শুনানিতে আদালতকে সহায়তার জন্য নিয়োগ পাওয়া এক এমিকাস কিউরি বিব্রতবোধ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার করা রিটের চূড়ান্ত শুনানিতে আদালতকে সহায়তার জন্য নিয়োগ পাওয়া এক এমিকাস কিউরি বিব্রতবোধ করেছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তার অপারগতার কথা জানিয়ে দেন। মাহমুদুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল ছিলেন। হাসিনার রিটের শুনানিতে আদালতকে সহায়তা করার জন্য সোমবার মাহমুদুল ইসলামসহ সাত আইনজীবীকে এমিকাস কিউরি নিয়োগ দেয় হাইকোর্ট। বাকিরা হলেন, বিচারপতি টিএইচ খান ও মনসুরুল হক চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, সিনিয়র অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান। বুধবার আদালতে তাদের মতামত দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১২০ ঘ.