ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
গত ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হলেও পরে আরও একজনকে সাক্ষী হিসেবে অন্তর্ভূক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামিম আহসান হাবিব বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বৃহস্পতিবার এ মামলার বাদী আজম জে চৌধুরী আদালতে সাক্ষ্য দেবেন। ইতিমধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য তার কাছে সমন পাঠানো হয়েছে।"
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ২০০৭ সালের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
শেখ হাসিনাকে ১৬ জুলাই আটক করার পর এ মামলায়ই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ সেলিম।
২৪ জুলাই আদালতে দেওয়া অভিযোগপত্রে শেখ রেহানাকেও এ মামলায় আসামি হিসেবে যুক্ত করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৭২৫ঘ.
bdnews24