ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংসদ নির্বাচনের আসন সীমানা পুনঃনির্ধারণের প্রশ্নে রাজনৈতিক দলগুলো আপত্তি করলেও এই কাজ করবেই নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে মামলা - মোকদ্দমা যা - ই হোক না কেনো, কমিশন তা মোকাবিলা করবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার দুপুরে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
"নির্বাচনী আসন সীমানা পুনঃনির্ধারণ কমিশনের সাংবিধানিক দায়িত্ব" -- এ কথা জানিয়ে তিনি বলেন, "যদি সব রাজনৈতিক দল এতে আপত্তি তোলে, তাহলে আমরা বিষয়টি বিবেচনা করবো। তাদের যেটা ভয়, আমরা হয়তো এই কাজ পারবো না। আসলে তাদের হয়তো জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফর্মেশন সিস্টেম) সম্পর্কে খুব ভালো ধারণা নেই। জিআইএস ও ২০০১ সালের আদমশুমারীর প্রতিবেদনের ভিত্তিতে খুব দ্রুত আমরা কাজটা করতে পারবো। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এই কাজ আমাদের করতেই হবে। জনসংখ্যার অনুপাতে আসনভিত্তিক জনপ্রতিনিধিত্ব হওয়া দরকার।"
সীমানা পুনঃনির্ধারণ করতে গিয়ে শত শত মামলা - মোকদ্দমায় কমিশন জাতীয় সংসদ নির্বাচনের মূল কাজ থেকে পিছিয়ে পড়বে কী না, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "নির্বাচনের কাজ থেকে পিছিয়ে পড়ার প্রশ্নই আসে না। আর মামলা হবে বলে আমাদের যা করনীয়, আমরা তা করবো না, তা তো নয়। মামলা হলে আমরা তা দেখবো। তবে আমার ধারণা, আদালত তো বসে নেই যে কেউ গেলেই মামলা হয়ে যাবে।"
দীর্ঘ ২৩ বছর পর ৩০০ টি নির্বাচনী আসন সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এই কাজ তারা শুরু করেছেন। আগামী জুন পর্যন্ত এই কাজ চলবে। ২০০১ সালের আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জিআইএস ব্যবহার করে মূল কাজ একমাসের মধ্যে শেষ করা সম্ভব। এরপর জনপ্রতিনিধিদের মতামত নেওয়া হবে। কারো কোনো আপত্তি থাকলে তা শুনানি শেষে গেজেট আকারে এটি প্রকাশ করা হবে।
১৯৮৪ সালের পর এই প্রথম কমিশন সারাদেশে নির্বাচনী আসন পুনঃনির্ধারণের কাজে হাত দিয়েছে। অবশ্য ১৯৯১ ও ১৯৯৫ সালে আংশিকভাবে এই কাজ হয়েছিল। প্রতিবারই সীমান নির্ধারণ নিয়ে কমিশনকে শত শত মামলা - মোকদ্দমা মোকাবিলা করতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/জিএনএ/ ১৫২৬ ঘ.
bdnews24