২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কর্মীরা বিভ্রান্ত হয় এমন বক্তব্য দেবেন না: মেজর হাফিজ

বিএনপির সংস্কারপন্থী নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন কর্মীরা বিভ্রান্ত হতে পারে -এরকম বক্তব্য দেওয়া থেকে দলীয় নেতাদের বিরত থাকার আহবান জানিয়েছেন। মেজর হাফিজ বলেন,''চেয়ারপার্সন কারাগারে থাকায় দলের নেতা-কর্মীদের কাছে সঠিক বার্তা পৌঁছাচ্ছে না। ফলে সবাই বিভ্রান্ত হচ্ছেন। নেতাদের উচিত যুক্তিপূর্ণ বক্তব্য দেওয়া, যাতে বিএনপি ঐক্যবদ্ধ থাকে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থী নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন কর্মীরা বিভ্রান্ত হতে পারে -এরকম বক্তব্য দেওয়া থেকে দলীয় নেতাদের বিরত থাকার আহবান জানিয়েছেন। মেজর হাফিজ বলেন,''চেয়ারপার্সন কারাগারে থাকায় দলের নেতা-কর্মীদের কাছে সঠিক বার্তা পৌঁছাচ্ছে না। ফলে সবাই বিভ্রান্ত হচ্ছেন। নেতাদের উচিত যুক্তিপূর্ণ বক্তব্য দেওয়া, যাতে বিএনপি ঐক্যবদ্ধ থাকে।'' রোববার দুপুরে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মেজর হাফিজ এ কথা বলেন। তিনি বলেন,'' বিএনপি এখন অস্থির সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। আমাদের সবারই সংযতভাবে কথা বলা প্রয়োজন।" দলের সংস্কারে মান্নান ভূঁইয়ার প্রস্তাব সমর্থন করে তিনি বলেন, আমাদের চেয়ারপার্সন ও খোন্দকার দেলোয়ার সাহেব উভয়েই সংস্কার চান। সংস্কার চাইলে আমাদের বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়।'' এক প্রশ্নের জবাবে বিএনপির সহ-সভাপতি দৃঢ়তার সঙ্গে বলেন, "বিএনপি বিভক্ত নয়। এক আছে এবং থাকবে। আগামী নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে। জাতীয়তাবাদী শক্তি বিভক্ত হবে না।" মান্নান ভূঁইয়ার সিঙ্গাপুর সফর সম্পর্কে নেতিবাচক বক্তব্যের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, "এটা অনভিপ্রেত। তিনি অসুস্থ বলে চিকিৎসা করতে গেছেন। এ নিয়ে কল্পনাপ্রসুত কথা বলে পানি ঘোলা করার চেষ্টা করা হয়েছে।'' দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনও এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬৫৭ঘ.