আদালতের কাঠগড়াতেই ঘুমিয়ে পড়লেন মীর নাছির
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন সোমবার আসামীর কাঠগড়াতেই ঘুমিয়ে পড়েন।
মীর নাছির এবং তার ছেলেকে সোমবার সাড়ে ১০ টায় কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে হাজির করা হয়। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলে সাড়ে ১১টার দিকে নাছির অসুস্থতার কথা বলে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ার ভেতরে বিছানার চাদর ও বালিশ পেতে ঘুমিয়ে পড়েন।
তিনি কাঠগড়ায় সাড়ে ১১ থেকে দেড়টা পর্যন্ত ঘুমান। এ সময় আদালতে উপস্থিত একজন মেজর ঘুমের বিষয়টি দেখিয়ে একজন পুলিশ সদস্য মীর নাছিরের কাছে পাঠালে তিনি ওই পুলিশ সদস্যকে মৃদু দমক দেন। তবে এরপর তিনি বিছানা থেকে ওঠে কাঠগড়ায় রাখা চেয়ারে বসেন।
