ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে কারাকর্তৃপক্ষ আদালতে হাজির না করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে করা মানহানি মামলায় সোমবার তিনি সাক্ষ্য দিতে পারেননি।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আল মামুন মামলার বাদী তারেক রহমানের অনুপস্থিতিতে আগামী ৬ জানুয়ারি সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ দেন।
গত বছরের ১৯ নভেম্বর মানহানির অভিযোগ এনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক আবদুল জলিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি মামলা করেন তারেক রহমান।
এর ওপর শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মামলা তিনটিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
কিন্তু তারেক এরপর আর আদালতে হাজির হয়ে বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দেননি। পরে গত ৮ মার্চ তিনি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন।
আবদুল জলিলের বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগে তারেক বলেন, গত বছরের ১৬ নভেম্বর ধানমন্ডির সুধাসদনে এক সংবাদ সম্মেলনে আব্দুল জলিল তাকে ও তার ব্যক্তিগত সহকারী অপুকে নিয়ে বেশ কিছু আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন। পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় এসব মন্তব্য প্রকাশিত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/
bdnews24