ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দলীয় নিবন্ধনকরণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যকে 'অনধিকার চর্চা ও সাংবিধানিক দায়িত্ব বহির্ভূত কর্মকান্ড' বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন,''দলের গঠনতন্ত্র কী হবে, তা নির্ধারণের দায়িত্ব তার (প্রধান নির্বাচন কমিশনার) নয়। তার নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা-তা নিয়ে বিএনপি ও দেশবাসীর আশংকা জন্মেছে।''
বুধবার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে এক সংবাদ ব্রিফিং খোন্দকার দেলোয়ার হোসেন দলের গঠনতন্ত্র নিয়ে সিইসিকে এ ধরনের কথা বলা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সিইসি ড. এটিএম শামসুল হুদা বলেন,''যেসব দলের গঠনতন্ত্রে গণতন্ত্র নেই সেব দল নিবন্ধন পাবে না। নিবন্ধন পেতে হলে কমিশনের আইন মেনে বিএনপির মতো অনেক দলকেই গঠনতন্ত্র সংশোধন করে আসতে হবে।''
সাবেক প্রধান হুইপ দেলোয়ার সিইসির এ বক্তেব্যের সমালোচনা করে বলেন, ''সাংবিধানিক পদে অবস্থান করে রাজনৈনিতক দলের গঠনতন্ত্র সর্ম্পকে এভাবে ঢালাও মন্তব্য তিনি করতে পারেন না। এটি অনধিকার চর্চা।"
বিএনপি মহাসচিব দাবি করেন, তার দলে গণতন্ত্র চর্চা হয়। দলের চেয়ারপারসনের সর্বক্ষমতা গঠনতন্ত্রে দেয়া থাকলেও তিনি দলীয় ফোরামে সবার সঙ্গে আলাপ করে সব সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন,'' বিএনপিতে যদি গণতন্ত্র না থাকতো তাহলে এই দল এতো জনপ্রিয় কীভাবে হয়েছে। এ দলই সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বহু দলীয় গণতন্ত্র প্রর্বতন করেছে। তবে ১১ জানুয়ারির পর দলের কতিপয় নেতা কেনো, কী কারণে সংস্কার প্রস্তাব দিয়েছেন, তা বোধগম্য নয়।''
খোন্দকার দেলোয়ার আরও বলেন, ''আমাদের চেয়ারপারসন বলেছেন, প্রয়োজনে দলের স্বার্থে গঠনতন্ত্র সংস্কার হবে। তবে তা কোনোভাবে নেত্রীকে কারাবন্দী রেখে নয়। কোনো মহল বিশেষের প্ররোচনা অথবা ওপর থেকে চাপিয়ে দিয়ে দলে কোনো সংস্কার করা যাবে না।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''বিএনপির লক্ষ-কোটি নেতা-কর্মী-সমর্থক রয়েছে। এ দলকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চিন্তা জনগন মেনে নেবে না।''
অপর প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে তা বহাল রাখার দাবি জানান।
তিনি দক্ষিণাঞ্চলে ঘূর্নিদূর্গত এলাকায় মার্কিন মেরিন সেনার আগমন ও ত্রান কার্যক্রমে অংশ গ্রহনকে সাধুবাদ জানিয়ে বলেন,'' অতীতেও তারা মানবিক বিপর্যয়ে বাংলাদেশের মানুষের পাশে দাড়িয়েছে। এবারও এসেছে। আশা করি, এ কাজ শেষে হলে তারা আগের মতোই দেশে ফিরে যাবেন।''
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ শাহিনা খান, অধ্যক্ষ সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মহিউদ্দিন খান মোহন,মাহবুবুল হক নান্নু, রফিকুল ইসলাম রতন প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৪২৫ ঘ.
bdnews24