ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তোফায়েল আহমদ বলেন, "দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দুর্গত মানুষের সাহায্যের ক্ষেত্রে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা যেন মানবিক পরিচয় নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি সেজন্য প্রশাসনকেও ব্যবস্থা নিতে হবে।"
এবারের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ১৯৭০ এর ঝড়ের ক্ষতিকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, "বরগুনা, বাগেরহাট, পিরোজপুর ও পটুয়াখালীকে আমরা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করেছি। এই চার জেলায় সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ করা হবে।"
সভায় কোতয়ালি ও সুত্রাপুর থানা আওয়ামী লীগ ত্রাণ সহায়তা হিসেবে প্রায় পাঁচ লাখ টাকা তোফায়েল আহমদের হাতে তুলে দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/১৮২৫ ঘ.
bdnews24