ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-- দুর্গতদের জন্য দলের তহবিলে যারা সাহায্য দিচ্ছে তাদের পুরো নাম ঠিকানা রেখে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ত্রাণ কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, "নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী যে যাই দান করুন না কেন তার পূর্ণাঙ্গ হিসাব রাখতে হবে। আমরা ত্রাণ সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখতে চাই।"
বঙ্গবন্ধু এভিনিউর স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে সোমবার স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী খাবার স্যালাইন তৈরি প্রকল্প উদ্বোধনের সময় আব্দুর রাজ্জাক বলেন, "ঘূর্ণিঝড়ে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সামাল দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে।"
দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিতে তিনি আবারো দলীয় সভানেত্রী শেখ হাসিনার জামিনে মুক্তি দাবি করেন।
ঘুর্ণিঝড় কবলিত এলাকাকে 'দুর্যোগপূর্ণ এলাকা' ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হলে মানুষ আরো বেশি সাহায্যে নিয়ে এগিয়ে আসবে। বিশ্ববাসীও জানতে পারবে এদেশে ভয়াবহ একটি দুর্যোগ হয়েছে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি অধ্যাপক আবদুল হান্নান, সংগঠনের ত্রাণ কমিটির আহবায়ক মোল্লা মো. আবু কাওসার, মইনুদ্দিন মইন, মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/এমএ/১৯৩৩ঘ.
bdnews24