ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলাসহ সুন্দরবনকে 'মহাদুর্গত' এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।
একই সঙ্গে তিনি বিধ্বস্ত সুন্দরবন রক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও দুর্গত মানুষের জন্য নগদ অর্থের সংস্থান চেয়েছেন।
সোমবার বিকালে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সম্মেলন কক্ষে বিকল্প ধারা বাংলাদেশ আয়োজিত এক সংবাদ ব্রিফিং-এ তিনি এ দাবি জানান।
তিনি বলেন, "গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় আঘাত হানার পর ১০দিন পার হয়েছে। এখন সেই এলাকার মানুষের জন্য বেশি জরুরি নগদ অর্থের। সরকারকে অনুরোধ করবো, অসহায় মানুষের জন্য নগদ অর্থের ব্যবস্থা করুন। নইলে কৃষকসহ দুর্গত মানুষজন চরম বিপদের মুখে পড়বে।"
ত্রাণ বিতরণে নিজের অভিজ্ঞতার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ে এবারের ক্ষতি ব্যাপক-বিশাল। এখন দুর্গতদের প্রয়োজন শীতবস্ত্র, নগদ অর্থ ও স্বাস্থ্য সেবা। মানুষজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ওইসব এলাকায় উন্নয়নমূলক কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুরু করার প্রয়োজন।"
গত ১৭ ও ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলের দূর্গত জেলাসমূহে ত্রাণ বিতরণ করেন তিনি।
অধ্যাপক বি চৌধুরী উপকুলীয় অঞ্চলে বহুমুখী ব্যবহার উপযোগী আশ্রয় কেন্দ্র নির্মাণ, বিধ্বস্ত স্কুল-কলেজ, বাড়িঘর ও রাস্তাঘাট পুনঃনির্মাণ এবং পুকুরগুলোর ময়লা-আবর্জনা অপসারণ করে ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন।
তিনি দুর্গত এলাকাগুলোতে জরুরি ঔষধসহ আরও চিকিৎসক দল পাঠানোর আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশের এই দুর্যোগে মানুষের মধ্যে ত্রাণ বিতরণে রাজনীতিকে জড়ানো ঠিক হবে না। যে কেউ ত্রাণ দিতে যেতে পারেন। এর সঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি যুক্ত করা সমীচীন হবে না।"
অন্যান্যদের মধ্যে দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নান, সভাপতিমন্ডলীর সদস্য এম এ হালিম, গিয়াস উদ্দিন চৌধুরী, মাহী বি চৌধুরী, সাজু কামাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএ/১৮২০ঘ.
bdnews24