২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা জারির কারণ নিয়ে বিএনপির দুই অংশের দুই মত

গত বছর দুই শীর্ষ রাজনৈতিক দলের সংলাপ ব্যর্থ ও পরবর্তীতে দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে বিএনপির দুই অংশ পাল্টা-পাল্টি বক্তব্য দিয়েছে। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে ন্যাম ফ্ল্যাটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও গুলশানে সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় দলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করীম সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে গেলে তাদের পাল্টা-পাল্টি অবস্থান প্রকাশ পায়। খোন্দকার দেলোয়ার বলেন, ''কেবল রাজনৈতিক দলের মধ্যে সহিংসতার কারণে জরুরি অবস্থা জারি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত বছর দুই শীর্ষ রাজনৈতিক দলের সংলাপ ব্যর্থ ও পরবর্তীতে দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে বিএনপির দুই অংশ পাল্টা-পাল্টি বক্তব্য দিয়েছে। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে ন্যাম ফ্ল্যাটে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও গুলশানে সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় দলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করীম সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে গেলে তাদের পাল্টা-পাল্টি অবস্থান প্রকাশ পায়। খোন্দকার দেলোয়ার বলেন, ''কেবল রাজনৈতিক দলের মধ্যে সহিংসতার কারণে জরুরি অবস্থা জারি হয়নি। অন্য কারণও রয়েছে। তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা রয়েছে।'' এ এইচ এম মোফাজ্জল করীম বলেন, '' রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হয়েছিল। সময় এসেছে আমাদের অনেক ভুলগুলো মূল্যায়ন করার। ভুলকে স্বীকার করে নিতে হবে। '' সোমবার নরসিংদীর শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়া গত বছরের অক্টোবরে সংলাপ ব্যর্থ হওয়ার জন্য দুই দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের অসযোগিতা ও জরুরি অবস্থা জারির জন্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতাকে দায়ী করেন। তার ওই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন খোন্দকার দেলোয়ার। তিনি অভিযোগ করেন, '' মান্নান ভূঁইয়া বর্তমানে ভিন্ন অবস্থানে থেকে যে কথা বলছেন, তা ঠিক নয়। নিজের ব্যর্থতার দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি জনগনকে বিভ্রান্ত করছেন। তার বক্তব্য কোনোভাবে গ্রহনযোগ্য নয়।'' বিএনপি মহাসচিব দেশে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করে বলেন, ''নির্বাচন করতে হলে জরুরি অবস্থা প্রত্যাহার করে পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা চাই অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হোক।'' গুলশানে মান্নান ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর খোন্দকার দেলোয়ারে বক্তব্যের বিরোধিতা করে মোফাজ্জল করীম বলেন, '' রাজনৈতিক দলগুলোর সহিংসতার কারণে জরুরি অবস্থা জারি হয়েছে, এটা দেশের মানুষ জানেন। ভুল স্বীকার করে সামনের দিকে এগুতে হবে। খোন্দকার দেলোয়ার আমাদের শ্রদ্বেয় নেতা। তিনি বিষয়টি অনুধাবন করবেন বলে আমি আশা করি।" গত বছরের অক্টোবরে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ ব্যর্থ হওয়ার কারণ দুই পক্ষে শীর্ষ নেতৃত্বের অসহযোগিতা মন্তব্য করে তিনি বলেন, "সংলাপ তো ভালভাবে এগুচ্ছিল। চূড়ান্ত পর্যায়ে সমঝোতা হলে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হতো। জরুরি অবস্থাও জারি হতো না। কিন্তু দুঃখের বিষয় দুই শীর্ষ নেতৃত্বের অসযোগিতায় তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মান্নান ভূঁইয়া সাহেব সেই কথাটি বলেছেন। আমাদেরকে ভুল স্বীকার করতে হবে। আক্রমনাত্মক হলে কোনো লাভ হবে না। দলের ঐক্যের স্বার্থে ব্যর্থতা স্বীকার করে আমাদের আগামী নির্বাচনের জন্য প্রস্ততি নিতে হবে।" ঈদের দিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে সংস্কারপন্থিরা যাননি কেন জানতে চাইলে তিনি বলেন,''আগে কখনোই ঈদের দিন জিয়ার কবর জিয়ারত দলীয়ভাবে হতো না। এটি ছিল পারিবারিক অনুষ্ঠান। আমাদের নেত্রী কারাগারে। জিয়া পরিবারের কোনো সদস্যও সেদিন কবর জিয়ারত করেননি। তাই এখন মায়ের চেয়ে মাসীর দরদ দেখানো ঠিক নয়।'' তিনি বলেন,"দেশে ভালো পরিবেশ সৃষ্টি হলে আজই জরুরি অবস্থা প্রত্যাহার হতে পারে। কিন্তু তার আগে নয়। ১১ জানুয়ারির আগের অবস্থায় দেশকে আর কখনো ফিরিয়ে নেওয়া যাবে না।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫৩০ ঘ.