২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন দ্রুত পুনর্গঠন করা প্রয়োজন: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 09:55 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সোমবার ন্ধ্যায় গুলশানে নিজের বাসায় ১৪ দলের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে আবদুল জলিল সাংবাদিকদের বলেন,“প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বল্পতম সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। তার অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন এবং পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের সব আনুষ্ঠানিকতা সম্পাদন করে দেশবাসীকে নির্বাচিত সরকারের হাতে তুলে দেবেন।”

তিনি বলেন, “যারা গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে দুর্নীতি করেছে, সেসব রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা প্রয়োজন।”

সন্ত্রাসী ও গডফাদার ঘুরে বেড়াচ্ছে দাবি করে তাদের গ্রেপ্তার করার জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়েদুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।