স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি মিলনমেলা করার সিদ্ধান্ত
সরকার আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে স্বাধীনতা পরবর্তী সব সরকারের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় পরিণত করার উদ্যোগ নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানোসহ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্টদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, এসএসএফ এর মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানান।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবসে স্বাধীনতা পরবর্তী সব সরকারের মন্ত্রীদের মিলন মেলায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এবারের অনুষ্ঠানে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ সব মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।
তিনি জানান, কুচকাওয়াজ অনুষ্ঠান সাবেক সরকারগুলোর মতো হলেও সেনাবাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে থাকায় এতে তাদের অংশগ্রহণ থাকবে সীমিত আকারে। বিভিন্ন স্থান থেকে কিছু সেনা সদস্যকে প্রত্যাহার করে কুচকাওয়াজের জন্য তৈরি করা হবে। তবে অন্যান্য বাহিনীর অংশগ্রহণ আগের মতোই থাকবে।
এবারের অনুষ্ঠানেও আগের সরকারের সময়ের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সাফল্যগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তবে এগুলো শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।
