শুনানির বেঞ্চ পরিবর্তনে এরশাদের আবেদন
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বাসভবন থেকে অর্থ উদ্ধার সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানির বেঞ্চ পরিবর্তনের জন্য আপিল বিভাগে বুধবার আবেদন জানানো হয়েছে।
আপিল বিভাগের চেম্বার জজ আমিরুল কবির চৌধুরীর আদালত আবেদনটির ওপর পুর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করেছেন বৃহষ্পতিবার ।
বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এরশাদের আপিল শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। ওই বেঞ্চ থেকে অন্য কোনো বেঞ্চে আপিলটি বদলি করে শুনানির আবেদন করেছেন এরশাদ।
এরশাদের পক্ষে চেম্বার জজের আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও আজমালুল হোসেন।
১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পর এরশাদের বাসভবন থেকে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এরশাদকে তিন বছরের কারাদন্ড দেয় নিু আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করেন।
