আগামী মাসে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় কমিশন
এ মাসের শুরুতে নির্বাচন সম্পর্কিত সকল কাজ স্থগিতের পর ইউরোপীয় কমিশন (ইসি) আগামী মাসে পুনরায় বাংলাদেশে একটি নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে।
মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে ইসির রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎকালে একথা জানায়।
বনানীর ১ নং ব্লকে বিএনপির নতুন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকের পর স্টিফেন ফ্রয়েন সাংবাদিকদের জানান, ইউরোপীয় কমিশনের (ইসি) সদর দফতর ব্রাসেলস থেকে আগামী মাসে আগত দলটি আসন্ন নির্বাচন নিয়ে কাজ করবে।
তিনি বলেন, “আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা ও আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলেছি। ব্রাসেলস থেকে ইসির নির্বাচন পর্যবেক্ষক শাখার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হেলেন ক্যাম্পবেল সরজমিনে পরিস্থিতি দেখতে ঢাকায় এসেছেন। তিনি ব্রাসেলস গিয়ে বাংলাদেশের নির্বাচন বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন সপ্তাহের মধ্যে ইসি একটি প্রতিনিধি দলকে ঢাকায় পাঠাবে।”
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক সাবেক উপদেষ্টা রিয়াজ রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম উপস্থিত ছিলেন।
ইসির প্রতিনিধি দলে হেলেন ক্যাম্বলে ছাড়াও ছিলেন চার্লস হুইটলি ও ইয়োহান হেসিঙ্গার।
রিয়াজ রহমান বলেন, “আমরা ইসির নির্বাচন পর্যবেক্ষক দলকে বলেছি, বিএনপি যত শিগগির সম্ভব দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।”
কমিশন এ মাসের শুরুতে সহিংসতা এবং মহাজোটের নির্বাচন বর্জনের ঘোষণায় বর্তমানে বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারি নির্বাচন থেকে তাদের পর্যবেক্ষকদের সরিয়ে নেয়।
